সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: ইনকিলাব মঞ্চ
সরকারকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যাসহ সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে বলে দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ১৮ ডিসেম্বরের শহীদি সমাবেশের প্রস্তুতি ও ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনের নেতারা এ দাবি জানান।
সভায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, বর্তমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে হাদি হত্যার বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ক্ষমতায় এসেছে; প্রধানমন্ত্রী তারেক রহমানও জুলাইয়ে 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এ প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথে থাকবেন এবং ১৮ ডিসেম্বরের কর্মসূচি কোনো রাজনৈতিক দলকে মোকাবিলার জন্য নয়, বরং জনগণের সাংবিধানিক ও নৈতিক অধিকার রক্ষার কথা সরকারকে স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে। তিনি আরও জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদীকে কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হয়েছে সব রাজনৈতিক মত ও মানুষের সম্মতির ভিত্তিতে।
মতবিনিময় সভায় আগামী ২৮ নভেম্বর কর্মসূচি ঘোষণা থেকে শুরু করে গ্রাফিতি অঙ্কন, মিলাদ মাহফিল, স্মরণসভা, মেডিকেল ক্যাম্প, মতবিনিময় সভা, কফিন মিছিল, স্মৃতিফলক উদ্বোধন এবং ১৮ ডিসেম্বর সর্বদলীয় শহীদি সমাবেশসহ ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়।
২
৪
৯