'দ্য অস্ট্রেলিয়ান'-এর মানহানিকর প্রতিবেদন প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ অসত্য, বিভ্রান্তিকর ও মানহানিকর আখ্যা দিয়ে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি জানান এবং প্রকাশককে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
বিবৃতি অনুযায়ী, শফিকুর রহমানের পক্ষে তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) এমপি অস্ট্রেলিয়ার মানহানি আইনের (Defamation Act 2005, NSW) ১২এ ধারায় প্রকাশক ‘নেশনওয়াইড নিউজ পিটিওয়াই লিমিটেড’-কে আনুষ্ঠানিক ‘কনসার্নস নোটিশ’ পাঠিয়েছেন। এতে সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে প্রতিবেদন প্রত্যাহার, সংশোধন, ক্ষমা প্রার্থনা ও সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ-অনুমোদিত সরকারি সফরের দিনই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে এবং প্রকাশের আগে ডা. শফিকুর রহমানের কার্যালয়, উপদেষ্টা বা সফরসঙ্গীদের কারও সঙ্গে যোগাযোগ না করেই ‘জবাব দেননি’ লেখা সাংবাদিকতার নীতির লঙ্ঘন। তিনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থানকে বিকৃতভাবে উপস্থাপন, হ্যাক হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের প্রসঙ্গ টেনে নারীবিদ্বেষী হিসেবে চিত্রিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের প্রসঙ্গ টেনে ব্যক্তিগতভাবে দায়ী করার অভিযোগ প্রত্যাখ্যান করেন।
পাশাপাশি প্রতিবেদনের ভিত্তি হিসেবে ব্যবহৃত ভিসা বাতিলের আবেদনকারীর রাজনৈতিক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট পরিচয় পাঠকদের কাছে গোপন রাখা হয়েছে বলে দাবি করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা মিথ্যা প্রচারের লাইসেন্স নয় এবং দাবি না মানলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
অনুরূপ সংবাদ
৭ ঘন্টা আগে
শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহারে আইনি নোটিশ
৭ ঘন্টা আগে
বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অপপ্রচারকে গুরুত্ব দেয়নি অস্ট্রেলীয় সরকার: গোলাম পরওয়ার
৭ ঘন্টা আগে
নারী নির্যাতনের দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবিতে মহিলা জামায়াতের ৭ দফা
৭ ঘন্টা আগে
অপতৎপরতা রোধে গণ-অভ্যুত্থানের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
২
৪
৯