সার ডিলার নিয়োগে বিএনপির নেতাকর্মীরা হাজার কোটি টাকার বাণিজ্য করেছে: সারজিস
ইউনিয়ন পর্যায়ে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা হাজার কোটি টাকার বাণিজ্য শুরু করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (৭ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। তাঁর দাবি, নতুন করে সার ডিলার নিয়োগের প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সারজিস আলম বলেন, প্রতিটি ইউনিয়নে নতুন করে এক বা একাধিক সার ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের মাধ্যমে প্রাথমিক তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হচ্ছে। তাঁর অভিযোগ, এসব তালিকা তৈরির ক্ষেত্রে উপজেলা বিএনপির নেতারা প্রভাব বিস্তার করছেন।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট নন—এমন যোগ্য ও নির্দলীয় ব্যক্তিদের অনেক ক্ষেত্রেই তালিকায় থাকার সুযোগ দেওয়া হচ্ছে না। অন্যদিকে স্থানীয় বিএনপির নেতারা নিজেদের পাশাপাশি স্ত্রী, ভাই-বোন ও বাবা-মায়ের নামেও ডিলারশিপ নেওয়ার চেষ্টা করছেন বলে দাবি করেন তিনি।
সারজিসের ভাষ্য, একটি সার ডিলারের লাইসেন্স পাইয়ে দেওয়ার জন্য স্থানীয় পর্যায়ে ৩০ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত দর ওঠার অভিযোগ রয়েছে। তাঁর দাবি, ডিলারশিপ পেতে কেউ বড় অঙ্কের অর্থ ব্যয় করলে পরে সেই অর্থ তুলে নিতে সার মজুত, কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রির মতো অনিয়মে জড়ানোর আশঙ্কা তৈরি হয়।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের মাধ্যমে সার ডিলার নিয়োগ দেওয়া হলে পরবর্তী সময়ে একটি সিন্ডিকেট তৈরি হতে পারে। এতে কৃষকদের প্রয়োজনীয় সময়ে সার না পাওয়ার পাশাপাশি বাজারে কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তবে সারজিস আলমের এসব অভিযোগের স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে দেশের কয়েকটি এলাকায় সার ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়ে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। রংপুরের পীরগাছায় এ ধরনের অভিযোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
এদিকে নীলফামারীর কিশোরগঞ্জেও সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। সেখানে কয়েকজন বিএনপি নেতা সংবাদ সম্মেলন করে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য আর্থিক লেনদেনের অভিযোগ প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর বলে জানিয়েছেন।
অনুরূপ সংবাদ
নেতাকর্মীদের অপকর্মের লাগাম টানতে হিমশিম বিএনপি
গণহত্যা ও গুম-খুনে জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর, বিএনপি এমপির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ; গ্রেপ্তার ৪