সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
সরকারের সব কর্মকাণ্ডের বিরোধিতা না করে জনকল্যাণ ও জনস্বার্থে নেওয়া ভালো উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহযোগিতা করবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, কেবল বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি জামায়াত অনুসরণ করে না। সরকারের জনস্বার্থমুখী কর্মকাণ্ডে সহযোগিতা করা হবে। তবে সরকার জনস্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নিলে তার সমালোচনা করা, ভুল ধরিয়ে দেওয়া এবং প্রয়োজন হলে প্রতিবাদ ও প্রতিরোধ করাও বিরোধী দলের দায়িত্ব বলে জানান তিনি।
বৈঠকে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। বিটিএমএ নেতারা গ্যাস ও বিদ্যুৎ সরবরাহসহ শিল্প খাতের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সংগঠনটির নেতারা জানান, কিছু ক্ষেত্রে গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও কয়েকটি কারখানা এখনো সমস্যার মুখোমুখি হচ্ছে।
বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা বৈঠকে তুলে ধরা হয়েছে। সরকারের সঙ্গে আলোচনা ও সহযোগিতার মাধ্যমে এসব সমস্যা দ্রুত সমাধানের বিষয়ে বিরোধীদলীয় নেতা আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের সমস্যাগুলো শোনা হয়েছে এবং দেশের স্বার্থে তারা এগিয়ে গেলে জামায়াত তাদের পাশে থাকবে বলে দলটির আমির আশ্বস্ত করেছেন।
বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেনসহ বিটিএমএর নেতারা উপস্থিত ছিলেন।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
১৫ ঘন্টা আগে
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে
১৫ ঘন্টা আগে
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ
১৫ ঘন্টা আগে