ভারতের সঙ্গে শত্রুতা নয়, প্রশ্ন স্বার্থ সুরক্ষার: নাহিদ ইসলাম
ভারতের সঙ্গে কোনো ধরনের বৈরিতা বা শত্রুতা বাংলাদেশের প্রত্যাশা নয়; তবে দুই দেশের সম্পর্কে বাংলাদেশের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, সেটিই মূল প্রশ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর পলাশী মোড়ে আগ্রাসনবিরোধী আট স্তম্ভের সামনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। আবরারের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ এ সভার আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের অনেকগুলো অভিন্ন নদী রয়েছে। আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী এসব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার কথা থাকলেও গত পাঁচ দশকে তা যথাযথভাবে পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন।
গঙ্গা চুক্তি নতুন করে করার দাবি
১৯৯৬ সালের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, চুক্তিটি শুধু নবায়ন করলেই হবে না, নতুন করে স্বাক্ষর করা প্রয়োজন। নদীর পানিবণ্টনের পাশাপাশি নদী ব্যবস্থাপনায়ও বাংলাদেশের অংশীদারত্ব নিশ্চিত করার দাবি জানান তিনি।
নাহিদ ইসলামের প্রস্তাব, নতুন গঙ্গা চুক্তিতে নদীতে সারা বছর ন্যূনতম নাব্যতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রবাহ নিশ্চিত করার ব্যবস্থা থাকতে হবে। শুষ্ক মৌসুমে পানির ঘাটতি দেখা দিলে তা বাংলাদেশ ও ভারতকে সমানভাবে বহনের বিষয়েও ‘গ্যারান্টি ক্লজ’ রাখার কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ভারত যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ সুসম্পর্ক চায়, তাহলে গঙ্গা ও তিস্তাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন চুক্তি সমতা ও ন্যায্যতার ভিত্তিতে করতে হবে।
আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনার দাবি
নাহিদ ইসলাম বিএনপি সরকারের উদ্দেশে বলেন, শুধু বিমান কেনার মতো বিষয় দিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা নিশ্চিত হবে না। আন্তর্জাতিক চুক্তিগুলোতে দেশের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, গঙ্গা চুক্তিসহ বাংলাদেশের সঙ্গে সম্পাদিত আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে আলোচনা করা উচিত। জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এসব চুক্তির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
আবরার হত্যা মামলার রায় কার্যকরের দাবি
স্মরণসভায় আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, সব আইনি প্রক্রিয়া শেষ করে হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডিত ব্যক্তিদের সাজা দ্রুত কার্যকর করা উচিত।
নাহিদ ইসলামের বক্তব্য অনুযায়ী, আবরার ফাহাদ ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তি ও সম্পর্ক নিয়ে সমালোচনা করেছিলেন। তাঁর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি ও ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে মানুষের মধ্যে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
স্মরণসভায় সভাপতিত্ব করেন আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক, এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এতে এনসিপির নেতাদের পাশাপাশি কবি ও চিন্তক ফরহাদ মজহার, আবরারের বাবা বরকত উল্লাহ এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান ও মাহফুজ আলম বক্তব্য দেন।
অনুরূপ সংবাদ
জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ নেতা
কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলা, বিএনপিকে দায়ী করে নাহিদের প্রতিক্রিয়া
‘লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেব’—এনসিপি নেতার হুমকি