ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল: রিজভী
বিগত সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, গুণগত শিক্ষা নিশ্চিত করার পরিবর্তে ৯০ থেকে ৯৫ শতাংশ পাসের হার দেখানোর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। এমনকি খাতায় না লিখলেও শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করা হতো বলে দাবি করেন তিনি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, একটি জাতির মেরুদণ্ড দুর্বল হয়ে গেলে পুরো শরীর যেমন পক্ষাঘাতগ্রস্ত হয়, তেমনি শিক্ষা খাত দুর্বল হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। তাঁর দাবি, অতিরিক্ত রাজনীতিকরণের কারণে দেশের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছিল।
তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে ব্যক্তির গুণকীর্তন ও ছবি প্রকাশকে গুরুত্ব দেওয়া হলেও নৈতিক শিক্ষাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষকসমাজকে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গ তুলে রিজভী শিক্ষকদের উদ্দেশে বলেন, নিজেদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
শিক্ষকদের ন্যায্য দাবিদাওয়ার বিষয়ে বিএনপি সচেতন উল্লেখ করে রিজভী বলেন, বিএনপির ভিশন ও পরিকল্পনায় শিক্ষকসমাজকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হবে না। দলটি প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের মধ্যে সমন্বয় করে বলে দাবি করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে বিএনপির প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
অনুরূপ সংবাদ
সব ইসলামি দল এক হয়েও ক্ষমতায় যেতে পারবে না, এত আস্ফালন কিসের: ড. খালিদ হোসেন
গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালে জনগণ লাল কার্ড দেখাবে: মামুনুল হক
শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে: রাশেদ খাঁন