হিজাব-নিকাব নিয়ে ঢাবি শিক্ষকের মন্তব্যের প্রতিবাদ জামায়াত নেত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষক নিকাব পরিহিত এক শিক্ষার্থীকে ‘ফান্ডামেন্টালিস্ট’ ও ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়ে হেনস্তা করেছেন—এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তাঁর দাবি, নিজ নিজ ধর্মচর্চা এবং পোশাক নির্বাচনের অধিকার প্রত্যেক মানুষের মৌলিক অধিকার।
নূরুন্নিসা সিদ্দীকা বলেন, অতীতে বুলিং ও বিভিন্ন ধরনের ট্যাগিংয়ের যে সংস্কৃতি ছিল, তা থেকে বেরিয়ে দেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে প্রগতিশীলতার নামে হিজাব-নিকাব নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্যের সুযোগ থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, নিকাব পরিহিত কোনো শিক্ষার্থীকে কটাক্ষ করা বা তাঁকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়া গ্রহণযোগ্য নয়। এ ধরনের মন্তব্যের জন্য সংশ্লিষ্ট শিক্ষকের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াতের এই নেত্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের মন্তব্য বা আচরণের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
নূরুন্নিসা সিদ্দীকা আরও বলেন, ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা উচিত। তাঁর ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে সব শিক্ষার্থীর জন্য নিরাপদ ও সম্মানজনক পাঠদানের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।