গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালে জনগণ লাল কার্ড দেখাবে: মামুনুল হক
গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারকে ‘লাল কার্ড’ দেখিয়ে দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
তিনি বলেন, একই নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। অন্যদিকে ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় এখনো বাস্তবায়ন করা হয়নি। তাঁর দাবি, গণভোটের রায় যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে নড়াইলের লোহাগড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন। ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন’ এবং ‘ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত’—এমন স্লোগান সামনে রেখে সমাবেশটি আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, ‘৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখালে’ দেশের জনগণ সংশ্লিষ্টদের লাল কার্ড দেখিয়ে দেবে। ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে ৮০ বার বৈঠকের পরও ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতার কারণে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো নিয়েও সমালোচনা করেন খেলাফত মজলিসের আমির। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে এবং রাষ্ট্রপতির ভূমিকা সীমিত হয়ে পড়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে মামুনুল হক বলেন, ওই আন্দোলনে প্রায় দেড় হাজার তরুণ শহীদ হয়েছেন এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন। তাঁদের দাবির মধ্যে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা ও কোটা প্রথা বাতিলের বিষয় ছিল বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের মতো বর্তমান সরকারও পুলিশ ও ছাত্রসংগঠনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। একই সঙ্গে বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে সরকারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মামুনুল হক। তিনি দ্রুত সংবিধান সংশোধন করে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য দেন। জেলা শাখার সভাপতি মাওলানা মহসিন উদ্দীন এতে সভাপতিত্ব করেন এবং মাওলানা শাফায়াত হোসাইন সঞ্চালনা করেন।
অনুরূপ সংবাদ
সব ইসলামি দল এক হয়েও ক্ষমতায় যেতে পারবে না, এত আস্ফালন কিসের: ড. খালিদ হোসেন
ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল: রিজভী
শিশির মনিররা ছিলেন কাপুরুষ, শিবির বেঁচে ছিল ছাত্রলীগ হয়ে: রাশেদ খাঁন