স্থায়ী শান্তির জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতির তাগিদ জাপার একাংশের
দেশে স্থায়ী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আইনের শাসন প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) নেতারা। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দখলদারি ও চাঁদাবাজি বন্ধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চেয়েছেন তাঁরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলটির প্রেসিডিয়াম সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, অর্থনীতি, সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন নেতারা।
সভায় সভাপতির বক্তব্যে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় যা-ই হোক না কেন, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া দেশে স্থায়ী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, দখলদারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ নানা ধরনের চাপের মধ্যে রয়েছে। এসব সংকট মোকাবিলায় সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, মানুষ শুধু রাজনৈতিক বক্তব্য নয়, দৈনন্দিন জীবনে নিরাপত্তা ও স্বস্তিও চায়। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, ব্যবসা-বাণিজ্য পরিচালনা করতে পারে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারে—সরকারকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের কারণে সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।
সভায় জাতীয় পার্টির (একাংশ) নেতারা দেশের গণতান্ত্রিক পরিবেশ ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।
সভায় দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক (চুন্নু), সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান সাহিদুর রহমান, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রত্নাসহ প্রেসিডিয়ামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
বীর মুক্তিযোদ্ধার তালিকায় আর আবেদন নয়, চূড়ান্ত যাচাইয়ে বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা
জাতীয় মসজিদের খতিবের বক্তব্যকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত