জাতীয় মসজিদের খতিবের বক্তব্যকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও কটূক্তি করা অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।
সোমবার (৫ অক্টোবর) সংগঠনটির মুখপাত্র মুফতি রফিকুল ইসলাম আইনী এক বিবৃতিতে এ মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিয়ে একজন আলেমের বক্তব্যের সঙ্গে কারও মতপার্থক্য থাকতে পারে। তবে সেই মতপার্থক্যকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ, অশালীন মন্তব্য বা বিদ্বেষপূর্ণ বক্তব্য গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে বলা হয়, মুফতি আবদুল মালেক দীর্ঘদিন ধরে ইলমি অঙ্গনে অবদান রেখে আসছেন। তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও ধর্মীয় অবস্থানের কারণে তিনি আলেম সমাজে পরিচিত। তাঁর কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলে যুক্তি, প্রমাণ ও শালীনতার সঙ্গে জবাব দেওয়া উচিত।
মুফতি রফিকুল ইসলাম আইনী বলেন, ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এক বিষয় নয়। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো আলেমের ইলমি অবস্থান, মর্যাদা কিংবা ধর্মীয় বক্তব্যকে অস্বীকার করা উচিত নয়। ধর্মীয় বিষয়ে মতভেদ হলে রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জ্ঞানী ও দায়িত্বশীল আলেমদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো আলেম রাজনীতিতে যুক্ত হলেও তাঁর ইলম, স্বাধীনতা বা নীতিগত অবস্থান দলীয় রাজনীতির কাছে সমর্পণ করা উচিত নয়। বরং রাজনীতিতে থাকা আলেমদের ইলম, নৈতিকতা ও ন্যায়বোধের মাধ্যমে রাজনৈতিক পরিসরকে সঠিক পথে পরিচালনার চেষ্টা করা উচিত।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ভাষ্য, মূল বিষয় কোনো ব্যক্তি বা দলের অন্ধ সমর্থন কিংবা বিরোধিতা নয়। একজন আলেমের ধর্মীয় নেতৃত্ব, রাজনীতিতে নৈতিকতা ও ন্যায়বিচার এবং জাতীয় স্বার্থে তাঁর দায়িত্বশীল অবস্থানকে গুরুত্ব দেওয়া উচিত। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন অসম্মান বা ব্যক্তিগত আক্রমণের কারণ না হয়।
এর আগে এক মাহফিলে মুফতি আবদুল মালেক ইসলাম প্রতিষ্ঠা ও রাজনৈতিক জোট প্রসঙ্গে জামায়াতে ইসলামী এবং মাওলানা মামুনুল হককে নিয়ে বক্তব্য দেন। ওই বক্তব্যের পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।
অনুরূপ সংবাদ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
১৫ ঘন্টা আগে
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে
১৫ ঘন্টা আগে
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ
১৫ ঘন্টা আগে