রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করুন: চরমোনাই পীর
জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের কাজে আলেম-ওলামাদের সম্পৃক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
তিনি বলেছেন, রাষ্ট্র ও রাজনীতিতে আলেমদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না। রাষ্ট্র পুনর্গঠনের কাজে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করা প্রয়োজন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, এ অঞ্চলের ইতিহাসে বিভিন্ন পটপরিবর্তনে আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে পরবর্তী সময়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে তাঁদের যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি। এর ফলে যে প্রত্যাশা নিয়ে মানুষ পরিবর্তনের জন্য জীবন ও রক্ত দিয়েছে, তা অনেক সময় পূরণ হয়নি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আলেমদের রক্ত-ঘামে অর্জিত পটপরিবর্তনের পর রাষ্ট্র পুনর্গঠনে তাঁদের উপেক্ষা করার পরিণতি ভালো হয়নি। তাই জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
দেশের চলমান পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের আমির। তিনি ডেঙ্গু ও হামে মানুষের মৃত্যুর ঘটনায় সরকারের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি জনদুর্ভোগ লাঘবেও সরকারের উদাসীনতা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
দ্রব্যমূল্য নিয়েও উদ্বেগ প্রকাশ করে চরমোনাই পীর বলেন, একের পর এক পণ্যের দাম বাড়িয়ে সংকটের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাঁর মতে, দাম বাড়িয়ে সংকট মোকাবিলা না করে সমস্যার মূল কারণ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত এই ন্যাশনাল ওলামা সামিটে দেশের শতাধিক জাতীয় আলেম ও সহস্রাধিক ওলামা-মাশায়েখ অংশ নেন। সম্মেলনে দেশের চলমান পরিস্থিতিতে আলেমদের করণীয় নিয়েও আলোচনা হয়।
সম্মেলন শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতি মিজানুর রহমান সাঈদকে কেন্দ্রীয় সভাপতি, ড. আ ফ ম খালিদ হোসাইনকে সিনিয়র সহসভাপতি, মুফতি রেজাউল করীম আবরারকে সাধারণ সম্পাদক এবং মুফতি শামসুদ্দোহা আশরাফীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
অনুরূপ সংবাদ
প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: ইসলামী আন্দোলন
রাষ্ট্র পরিচালনায় কোনো ক্ষেত্রেই বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম
নারী সাংবাদিকদের বাধা নয়, শরিয়াহ পালনের আহ্বান: ফয়জুল করীম