ঢাকার বিশেষ বার্তা নিয়ে দিল্লিতে মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লিতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। ঢাকার পক্ষ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ বার্তা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্যই তাঁর এ সফর বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হন দীনেশ ত্রিবেদী। পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে এখনো বাংলাদেশে ভারতের হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার অবস্থান নয়াদিল্লিকে জানানো এবং দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে। এর আগে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতীয় হাইকমিশনার।
এর আগে আগস্টেও দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন দীনেশ ত্রিবেদী। ওই বৈঠকেও বাংলাদেশের বর্তমান নেতৃত্বের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে সাম্প্রতিক সময়ে আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে নভেম্বরের শেষ দিকে সফরের সম্ভাবনার কথা বলা হলেও ঢাকার পক্ষ থেকে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন।
অনুরূপ সংবাদ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
১৫ ঘন্টা আগে
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে
১৫ ঘন্টা আগে
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ
১৫ ঘন্টা আগে