পানির ন্যায্য হিস্যা আদায়ে কমিটি, ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে ঢাকা
ভারতের সঙ্গে পানি বণ্টন ও সহযোগিতার বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ওই কমিটিতে ভারতীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে নয়াদিল্লির কাছে তাদের নাম চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজনে ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা: তরুণ নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আইনের অবস্থান রয়েছে। পাশাপাশি দেশের মানুষের সমর্থন ও প্রত্যাশাও সরকারের অবস্থানকে শক্তিশালী করছে। পানি বণ্টনের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পানি ইস্যুতে দুই দেশের সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কার্যকর যোগাযোগ ও নিয়মিত সংলাপ প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। কমিটিতে ভারতীয় পক্ষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার জন্য তাদের নাম চাওয়া হয়েছে। এখন ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা প্রকাশ করে হুমায়ুন কবির বলেন, দুই দেশের নেতৃত্ব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে সহযোগিতার মানসিকতা থাকলে পানি বণ্টনের মতো দীর্ঘদিনের সমস্যাগুলোর বন্ধুত্বপূর্ণ সমাধান সম্ভব। এ ক্ষেত্রে কূটনীতি ও সংলাপকেই গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, পানি বণ্টন নিয়ে আলোচনায় আন্তর্জাতিক আইনের অবস্থান বাংলাদেশের অন্যতম ভিত্তি। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ পানি বণ্টন চুক্তি নবায়নের পথও তৈরি হতে পারে।
এদিকে, পানি কূটনীতির ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর মতে, তরুণদের বিজ্ঞান, আন্তর্জাতিক আইন ও বহুমাত্রিক দক্ষতায় দক্ষ করে ভবিষ্যতের ‘পানি কূটনীতিক’ হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
অনুরূপ সংবাদ
স্থায়ী শান্তির জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতির তাগিদ জাপার একাংশের
বীর মুক্তিযোদ্ধার তালিকায় আর আবেদন নয়, চূড়ান্ত যাচাইয়ে বাদ পড়বেন অ-মুক্তিযোদ্ধারা
জাতীয় মসজিদের খতিবের বক্তব্যকে কেন্দ্র করে ব্যক্তিগত আক্রমণ অনাকাঙ্ক্ষিত