জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ নেতা
জুলাই গণ–অভ্যুত্থানের যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির তিন সদস্যের কেন্দ্রীয় আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে।
সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কমিটি গঠনের তথ্য জানানো হয়। এতে মো. সালমান হোসেনকে সভাপতি, হাসিবুল হাসানকে সাধারণ সম্পাদক এবং মুস্তাইন বিল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সংগঠনটির উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচজন কেন্দ্রীয় নেতা স্থান পেয়েছেন। তাঁরা হলেন—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলম, সংসদ সদস্য মাহমুদা আলম মিতু, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং এনসিপির নেতা আরমান হোসাইন।
এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স মূলত দলটির একটি সহযোগী সংগঠন। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া সালমান হোসেন ও হাসিবুল হাসান গত মে মাসে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।
ঘোষিত আংশিক কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। জুলাই গণ–অভ্যুত্থানের চেতনা ও অর্জন সমুন্নত রাখা এবং জুলাইয়ের শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই সংগঠনটির উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
অনুরূপ সংবাদ
ভারতের সঙ্গে শত্রুতা নয়, প্রশ্ন স্বার্থ সুরক্ষার: নাহিদ ইসলাম
কুষ্টিয়ায় পাটওয়ারীর ওপর হামলা, বিএনপিকে দায়ী করে নাহিদের প্রতিক্রিয়া
‘লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেব’—এনসিপি নেতার হুমকি