চাঁদাবাজদের ‘ভিক্ষা’ দিতে ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত-পাটওয়ারীর
চাঁদাবাজি বন্ধে প্রতীকীভাবে ‘চাঁদাবাজ পুনর্বাসন দানবাক্স’ স্থাপনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁদের প্রস্তাব, এসব বাক্সে জমা হওয়া অর্থ থেকে চাঁদাবাজদের ‘ভিক্ষা’ দেওয়া হবে, যাতে তারা চাঁদাবাজি ছেড়ে অন্যভাবে জীবিকা নির্বাহ করতে পারে।
সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটর ও হাতিরপুল এলাকায় এনসিপির উদ্যোগে আয়োজিত এক প্রতীকী কর্মসূচিতে তাঁরা এ আহ্বান জানান। কর্মসূচিতে দুটি ‘চাঁদাবাজ পুনর্বাসন দানবাক্স’ প্রদর্শন করা হয়।
‘প্রতিটি এলাকায় দানবাক্স স্থাপনের’ আহ্বান
কর্মসূচিতে হাসনাত আবদুল্লাহ বলেন, মাছবাজার, কাঁচাবাজার, হাসপাতাল, পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর দাবি, চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন মোড়ে ও এলাকায় এ ধরনের দানবাক্স স্থাপন করা হলে সেখানে মানুষ ৫ থেকে ১০ টাকা করে দিতে পারেন। তাঁর ভাষ্য, এই অর্থ চাঁদাবাজদের দেওয়া হলে তারা যেন সাধারণ মানুষের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান বা অন্যান্য স্থাপনায় হামলা ও লুটপাট না করে।
হাসনাত আরও বলেন, চাঁদাবাজদের পুনর্বাসনের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতীকী বার্তাই এই কর্মসূচির উদ্দেশ্য।
ব্যবসায়ীদের দোকানে বাক্স রাখার আহ্বান
কর্মসূচির একপর্যায়ে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলামোটর ও হাতিরপুল এলাকার ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পরে হাতিরপুলের মোতালিব প্লাজার সামনে বিক্ষোভ করেন এনসিপির নেতা-কর্মীরা।
সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী ব্যবসায়ীদের প্রত্যেক দোকানে একটি করে বাক্স রাখার আহ্বান জানান। তাঁর বক্তব্য, কেউ চাঁদা চাইতে এলে চাঁদা না দিয়ে ওই বাক্স থেকে অর্থ নেওয়ার কথা বলা যেতে পারে।
প্রতীকী কর্মসূচিতে স্লোগান
কর্মসূচির শুরুতে এনসিপির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে প্রতীকী দানবাক্স হাতে মিছিল বের করা হয়। মিছিলটি বাংলামোটর ও হাতিরপুল এলাকা প্রদক্ষিণ করে মোতালিব প্লাজার সামনে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
‘লাশের বদলে লাশ, থানার ইট খুলে নেব’—এনসিপি নেতার হুমকি
এনসিপিতে যোগ দিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি
গ্যাস-বিদ্যুৎ বাদ দিয়ে সরকারও কি ৮০-এর দশকে ফিরে যাবে, প্রশ্ন নাহিদ ইসলামের
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী গ্রেপ্তার
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ট্রাম্প
৬ ঘন্টা আগে
১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: সৎবাবার মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে