মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
জয় দিয়ে জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে পঞ্চম স্থান অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল—হকি খেলেছে বাংলাদেশ। গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।
সারিকা ও কনার গোলে জয়
তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক সারিকা রিমন। এরপর চতুর্থ কোয়ার্টারে দারুণ এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা আক্তার।
ম্যাচের ৫৯তম মিনিটে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
দুর্দান্ত ছিল গ্রুপ পর্ব
গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। চীনা তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপে দাপটের সঙ্গে এগিয়ে যায় দলটি।
তবে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরে যায় বাংলাদেশ। ফলে সরাসরি আগামী বছরের জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগও হাতছাড়া হয়। বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে অন্তত সেমিফাইনালে উঠতে হতো।
বিশ্বকাপের আশা এখনো আছে
তবে বাংলাদেশের সামনে এখনো বিশ্বকাপে খেলার একটি সম্ভাবনা রয়েছে। আগামী বছর মেয়েদের জুনিয়র বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হলে এবং ভারত আয়োজক হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকিট পেলে এশিয়া মহাদেশ থেকে আরও একটি দল সুযোগ পাবে।
সেক্ষেত্রে এবারের জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হওয়ায় সেই সুযোগ বাংলাদেশের সামনে আসতে পারে।
২০২৩ সালের জুনিয়র এশিয়া কাপেও অংশ নিয়েছিল বাংলাদেশ। সেবার নবম স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করেছিল দলটি। এবার পঞ্চম হয়ে আগের আসরের তুলনায় বড় উন্নতি করেছে বাংলাদেশের মেয়েরা।
ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছে ১৮ প্রতিষ্ঠান
১৮ ঘন্টা আগে