বিরতির পর ফিরছেন অপূর্ব-নীহা জুটি, নতুন নাটকে স্বামী-স্ত্রী
ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা আবারও একসঙ্গে ফিরছেন। বেশ কিছুদিন পর নতুন নাটকে দেখা যাবে তাঁদের। ইতিমধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে।
অপূর্ব-নীহা জুটির পথচলা শুরু হয়েছিল ২০২৫ সালের শুরুর দিকে জাকারিয়া সৌখিনের ‘মনদুয়ারী’ নাটকের মাধ্যমে। নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং এখন পর্যন্ত এটি চার কোটির বেশি বার দেখা হয়েছে। এরপর ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’ ও ‘অচেনা আমি’সহ আরও কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। তাঁদের অভিনীত প্রতিটি নাটকই কোটি ভিউয়ের মাইলফলক পার করেছে।
দীর্ঘ বিরতির পর আবার শুটিং
দর্শকদের আগ্রহ থাকলেও গত মার্চের পর এই জুটির নতুন কোনো নাটকের শুটিংয়ের খবর পাওয়া যায়নি। ঈদুল ফিতরের পর দুজনই পারিবারিক ব্যস্ততায় সময় দেন। অপূর্ব দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। অন্যদিকে নীহাও পরিবারকে সময় দিচ্ছিলেন। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বাগদানের খবর জানান নীহা।
তবে সেই বিরতি কাটিয়ে আবার ক্যামেরার সামনে ফিরেছেন দুজন। এসআর মজুমদারের লেখা ও পরিচালনায় নতুন নাটকটির শুটিং আগস্টের শেষ দিকে শুরু হয়েছে। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি। প্রায় ১২ দিনের শুটিং পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে কক্সবাজারের কিছু অংশের দৃশ্য ধারণ শেষ হয়েছে, এবার ঢাকায় শুটিং হবে।
স্বামী-স্ত্রীর চরিত্রে অপূর্ব-নীহা
নতুন নাটকে অপূর্ব ও নীহাকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে। গল্পের কেন্দ্রে রয়েছে সময়, সম্পর্ক, ভুল–বোঝাবুঝি ও মান-অভিমান। একটি ভুল কীভাবে সময়ের সঙ্গে সম্পর্কের মধ্যে নতুন জটিলতা ও রহস্য তৈরি করে, সেটিই গল্পের অন্যতম বিষয়।
পরিচালক এসআর মজুমদার জানান, অপূর্বের সঙ্গে এটি তাঁর ২৪তম কাজ হলেও অপূর্ব-নীহা জুটিকে নিয়ে এবারই প্রথম কাজ করছেন। দীর্ঘ প্রস্তুতি নিয়ে নাটকটির প্রি-প্রোডাকশনের কাজ করা হয়েছে বলেও জানান তিনি।
পরিচালকের ভাষ্য, দর্শকের জন্য এই জুটির নতুন কাজটিতে ভিন্ন কিছু রাখার চেষ্টা করা হয়েছে। পোস্ট-প্রোডাকশনের কাজও সময় নিয়ে করার পরিকল্পনা রয়েছে।
কবে দেখা যাবে নাটকটি?
প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের নাটকটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। নাটকটি সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার কথা রয়েছে। তবে প্রকাশের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। পাশাপাশি অপূর্ব ও নীহাকে আরও দুটি নতুন নাটকে একসঙ্গে দেখা যাবে।
অনুরূপ সংবাদ
৫৭ হাজার কোটি টাকা আয়! চমকে দিল যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন বক্স অফিস
বাঁধনের ওপর হামলায় অভিযুক্ত মনিরুলের পরিবার গ্রাম ছাড়ল
ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত যাদের পরিচয় মিলেছে