বাটেক্সপোর সমাপনীতে বিরোধীদলীয় নেতাকে অতিথি না করায় গোলাম পরওয়ারের অভিযোগ
বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল শিল্পের ঐতিহ্যবাহী আয়োজন ‘বাটেক্সপো’র রজতজয়ন্তী অনুষ্ঠানে দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে বিরোধীদলীয় নেতাকে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক শেষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, বিজিএমইএর উদ্যোগে আয়োজিত বাটেক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্য অনুযায়ী প্রধানমন্ত্রী এবং সমাপনী অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা প্রধান অতিথি থাকেন। তাঁর দাবি, এবারই প্রথম সেই রীতির ব্যতিক্রম হয়েছে। বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে বিজিএমইএর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তিনি।
জামায়াতের এই নেতা বলেন, বিরোধীদলীয় নেতা নিজে প্রধান অতিথি হওয়ার জন্য কোনো অনুরোধ করেননি। তবে তাঁর মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক সংস্কৃতিতে দীর্ঘদিন ধরে চলে আসা এমন ঐতিহ্য ভাঙা উচিত নয়। বাটেক্সপোর মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাতকে রাজনীতিকরণের মধ্যে সীমাবদ্ধ করলে ব্যবসায়িক খাতে নেতিবাচক বার্তা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে বৈঠকে দেশের টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন বিটিএমএর ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সরকার। তিনি বলেন, খাতটিতে বর্তমানে প্রণোদনা, গ্যাস-বিদ্যুৎ, এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ এবং বিভিন্ন কর বৃদ্ধিসহ নানা সমস্যা রয়েছে। এসব বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
শফিকুল ইসলাম আরও জানান, টেক্সটাইল খাতে প্রায় ৩২ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। পোশাকশিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজে এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর কিছু ইতিমধ্যে সমাধান হয়েছে এবং বাকি বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে বলে তিনি জানান।
এর আগে ২৮ সেপ্টেম্বর বাটেক্সপোর রজতজয়ন্তী আয়োজনকে ঘিরে রাজনৈতিক ঐতিহ্য ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছিল জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বাটেক্সপোকে দেশের অর্থনৈতিক সক্ষমতা ও জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হিসেবে উল্লেখ করা হয়।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
১৬ ঘন্টা আগে
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে
১৬ ঘন্টা আগে
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ
১৬ ঘন্টা আগে