রাষ্ট্র পরিচালনায় কোনো ক্ষেত্রেই বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম
সরকার গঠনের ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রেই বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফয়জুল করীম বলেন, রাষ্ট্র পরিচালনায় কোনো একটি ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না। কোনো সংকট মোকাবিলা কিংবা জনগণের সমস্যা সমাধানেও সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে দাবি করেন তিনি।
তাঁর অভিযোগ, জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে, বিদ্যুৎ সমস্যাও বেড়েছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ চাপে রয়েছে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজির পরিমাণ ও ব্যাপ্তি বেড়েছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, তাদের সন্ত্রাস, হানাহানি ও ‘মাস্তানিতে’ জনগণ অতিষ্ঠ। এসব বিষয় বিবেচনায় দল ও সরকার পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে তাঁর দল পূর্ণ শক্তি নিয়ে অংশ নেবে। এ লক্ষ্যে নেতাকর্মীদের শরিয়াহ, সততা ও দক্ষতাকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি।