তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ২৩ জন আটক
রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদের দ্বিতীয় তলায় একটি বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মসজিদে অভিযান চালানো হয়। পুলিশের কাছে তথ্য ছিল, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একটি দল সেখানে জড়ো হয়ে বৈঠক করবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় ২৩ জনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিরা একই সংগঠনের সদস্য কি না কিংবা তাঁদের সঙ্গে কোনো নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
অভিযানের পর আটক ব্যক্তিদের তেজগাঁও থানায় নেওয়া হয়। পরে তাঁদের বিষয়ে আরও যাচাই করতে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কর্মকর্তারাও কাজ শুরু করেন।
এদিকে আটক ব্যক্তিদের একজন শিহাব উদ্দীন সাংবাদিকদের কাছে দাবি করেছেন, তাঁরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে মসজিদে একত্রিত হয়েছিলেন। তাঁর দাবি, সেখানে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছিল এবং তাঁরা কোনো নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত নন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয়, তাঁদের পারস্পরিক যোগাযোগ এবং কথিত বৈঠকের উদ্দেশ্যসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার বাসে আগুন
১৫ ঘন্টা আগে
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, যা বলল ভারত
১৬ ঘন্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ২৩ জন আটক
১৬ ঘন্টা আগে
গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির নেই: গোলাম পরওয়ার
১৬ ঘন্টা আগে
মমতার দলের নতুন নাম, প্রতীকও বদলাল
১৬ ঘন্টা আগে