নিষেধাজ্ঞার মধ্যেই হলে ছাত্রদলের কর্মসূচি, উপস্থিত শাবিপ্রবি উপাচার্য
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকলেও শাহপরাণ হলে ছাত্রদলের একাংশের উদ্যোগে রাজনৈতিক পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলামসহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা শাহপরাণ হলের টিভি রুমে ছাত্রদলের একাংশের উদ্যোগে সাপ্তাহিক ‘শহীদ জিয়া পাঠচক্র’ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগ, যুগ্ম সম্পাদক মারুফ বিল্লাহ ও আফফান নেতৃত্ব দেন।
অনুষ্ঠানে উপাচার্য ছাড়াও ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক আশরাফ সিদ্দিকী এবং বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়াসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ক্যাম্পাসে ছাত্ররাজনীতির ওপর আরোপিত নিষেধাজ্ঞা গত বছরের ২২ সেপ্টেম্বর কিছু শর্তে প্রত্যাহার করা হয়। তবে শর্ত অনুযায়ী, শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদন নিয়ে পরিচালনা করতে হবে। একই সঙ্গে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলগুলোতে সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ রাখা হয়।
এ অবস্থায় আবাসিক হলে ছাত্রদলের রাজনৈতিক পাঠচক্র এবং সেখানে উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে ক্যাম্পাসে আলোচনা তৈরি হয়েছে।
শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. সোহাগ বলেন, রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার। কর্মসূচির বিষয়ে প্রক্টরকে জানানো হয়েছিল বলেও দাবি করেন তিনি। তবে লিখিত অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান জানান, প্রক্টর অফিস থেকে এ কর্মসূচির জন্য কোনো লিখিত অনুমতি দেওয়া হয়নি। তিনি বলেন, আবাসিক হলের অভ্যন্তরীণ বিষয় প্রভোস্ট বডির আওতাধীন।
অন্যদিকে শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান জানান, তাঁর কাছ থেকে আনুষ্ঠানিক অনুমতি নেওয়া হয়নি। তাঁকে মৌখিকভাবে কর্মসূচির কথা জানানো হয়েছিল। পরে উপাচার্য সেখানে উপস্থিত হওয়ায় বিষয়টি ভিন্ন পরিস্থিতি তৈরি করে বলে জানান তিনি।
কর্মসূচিতে উপাচার্যের উপস্থিতির বিষয়ে জানতে তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার বাসে আগুন
১৫ ঘন্টা আগে
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, যা বলল ভারত
১৬ ঘন্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ২৩ জন আটক
১৬ ঘন্টা আগে
গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির নেই: গোলাম পরওয়ার
১৬ ঘন্টা আগে
মমতার দলের নতুন নাম, প্রতীকও বদলাল
১৬ ঘন্টা আগে