একটি জেলা নিয়ন্ত্রণ করতে পারেন না, এমন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন কী: গোলাম পরওয়ার
যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না এবং এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাঁকে মন্ত্রিসভায় রাখা যায় কি না তা প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব ও শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজপথে ভূমিকা রাখবে।
তিনি অভিযোগ করেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার নজির বিএনপি সরকার সৃষ্টি করেছে; পাশাপাশি এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। প্রধানমন্ত্রীকে সতর্ক করে তিনি বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের ঘটনা সরকার ও বিএনপির জন্য শুভ নয় এবং এমন ব্যক্তিদের কারণে সরকার ব্যর্থতার দিকে যেতে পারে। তবে এখনই সরকারের পদত্যাগ চাওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, সরকার যেন ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করে।
গণভোটের গুরুত্ব তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, গণভোটের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার মূল্য নেই এবং টেকসই আইনের জন্য গণভোটের বিকল্প নেই। গণভোটে ৭০ শতাংশ জনগণ হ্যাঁ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছে উল্লেখ করে তিনি সরকারি দল ও বিরোধীদল মিলে সংসদে বিল পাসের মাধ্যমে তা বাস্তবায়নের দাবি জানান। এ ছাড়া একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে তিনি ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন সংকটে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপিও আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
ডাকসু স্বাস্থ্য সম্পাদকের বাড়িতে অগ্নিসংযোগ: জামায়াতের নিন্দা ও কঠোর শাস্তির দাবি
২০ ঘন্টা আগে
বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের
২০ ঘন্টা আগে
জনগণের ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় কার্যকর করতে হবে: জামায়াত
২ দিন আগে
খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, রক্ষা পেলেন মা-বাবা
৪
১০