খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, রক্ষা পেলেন মা-বাবা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
সাদিক কায়েম তাঁর পোস্টে উল্লেখ করেন, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। ঘটনার সময় বাড়িতে তাঁর মা-বাবা উপস্থিত ছিলেন। ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে ও বাড়ির চারপাশে পেট্রলবোমা নিক্ষেপ করে পুরো বাড়িতে আগুন লাগানোর পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা এগিয়ে যান এবং বাড়ির সিঁড়ির পাশের উঠানে আগুন জ্বলতে দেখেন। এলাকাবাসীর দ্রুত তৎপরতায় আগুন ঘরের ভেতরে ছড়ানোর আগেই নিয়ন্ত্রণে আসে এবং তাঁর মা-বাবা বড় বিপদ থেকে রক্ষা পান। ঘটনাস্থলে কেরোসিনের উপস্থিতিও দেখা গেছে বলে জানান স্থানীয়রা।
ফেসবুক পোস্টে সাদিক কায়েম এ ধরনের হামলা ও নাশকতার তীব্র সমালোচনা করে বলেন, রাতের আঁধারে এসব কর্মকাণ্ড চালিয়ে জুলাইপন্থী ছাত্র-জনতাকে দমানো যাবে না; বরং এতে তাঁদের লড়াই আরও দৃঢ় হবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিবাগত রাত তিনটার পর বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় এবং বাড়ির দেয়ালে আগুন দেওয়ার চেষ্টা চলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার এক বিবৃতিতে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
অনুরূপ সংবাদ
৪
৫
৯
১০
২