ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম
ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৈঠক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক দিনগুলোতে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনগণের নিরাপত্তার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি একদিনে তৈরি হয়নি; নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার প্রশ্নে আপসকামিতা, আওয়ামী লীগ প্রসঙ্গে কঠোর অবস্থানের ঘাটতি এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণেই আজকের এই প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে। জাতীয় ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করার কথাও জানান তিনি।
বৈঠক শেষে আলাদা ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে কোনো বিচ্যুতি থাকবে না। তিনি জানান, ফ্যাসিবাদবিরোধী অবস্থানে মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আলোচনায় ঐক্যের বিষয়ে কোনো শর্তের বিষয় ছিল না।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি প্রতিনিধিদলে নাহিদ ইসলাম ছাড়াও দলের সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
২০ ঘন্টা আগে
একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল ছাড়া জাতীয় ঐক্য নয়: নাহিদ ইসলাম
২০ ঘন্টা আগে
মঙ্গলবার দুপুরে ঢাকায় মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
২০ ঘন্টা আগে
গণভোটের রায় বাস্তবায়নের মুচলেকা দিতে হবে বিএনপিকে: নাসীরুদ্দীন পাটওয়ারী
২০ ঘন্টা আগে
আওয়ামী লীগ ও ভারত ইস্যু মোকাবিলায় প্রধানমন্ত্রীর কাছে রোডম্যাপ চেয়েছে এনসিপি: নাহিদ ইসলাম
৪
১০