আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে: হেফাজতে ইসলাম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (২১ নভেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের স্বাধীনতা ও সার্বৌমত্ব অরক্ষিত থেকে যাবে এবং ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করতে হবে।
বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর যেকোনো চেষ্টা প্রতিহত করে দুঃস্বপ্নে পরিণত করা হবে। বিবৃতিতে অভিযোগ করা হয়, বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব গণমাধ্যমকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে না।
আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয় দাবি করে বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতা-কর্মীরা ভারতে পালিয়ে গিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং জ্বালাও-পোড়াও সন্ত্রাস চালাচ্ছেন।
হেফাজতের শীর্ষ নেতারা আরও বলেন, পিলখানা, শাপলা, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনের শহীদ ও আহতরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাঁদের ন্যায়বিচারের বিষয়টি উপেক্ষা করে বিভিন্ন টক শো ও প্ল্যাটফর্মে যাঁরা পক্ষে কথা বলছেন, তাঁদের প্রতি জনগণের ক্ষোভ বাড়ছে। বিবৃতিতে ১৯৯৬ সালের প্রসঙ্গ টেনে বলা হয়, অতীতেও সুযোগ পেলেও দলটি নিজেদের শোধরায়নি; ফলে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।
সংগঠনটির নেতারা ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি জানান।
অনুরূপ সংবাদ
৯ ঘন্টা আগে
পালিয়ে যাওয়াদের ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে: আবুল হাসান রুবেল
৯ ঘন্টা আগে
ঐক্যের ডাকে ইতিবাচক এনসিপি, তবে মানছে না নিঃশর্ত অবস্থান
৯ ঘন্টা আগে
রাজনীতিতে ফিরতে হলে রাজনৈতিক আচরণ করতে হবে: হাসনাত কাইয়ূম
১২ ঘন্টা আগে
ফটিকছড়িতে ছাত্রদল-যুবদলের শোভাযাত্রায় হামলা, মোটরসাইকেলে আগুন
৪
৫
৯
১০
২