টিকটকে কটূক্তির অভিযোগে ঘেরাও, জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করে টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলায় এক নারীকে বাড়িতে ঘেরাওয়ের পর তিনি ঘরের পেছনের জানালা ভেঙে পালিয়ে গেছেন বলে জানা গেছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম জানান, অভিযুক্ত ওই নারী দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছেন। শনিবার সকালে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক একটি ভিডিও দলীয় নেতা-কর্মীদের নজরে আসে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় বাসিন্দাদের নিয়ে বিএনপি নেতা-কর্মীরা ওই নারীর বাড়িতে যান এবং তাঁকে বসতঘরে রেখে দরজায় তালা লাগিয়ে পুলিশে খবর দেন।
ঘটনার খবর পেয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমিনুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। আমিনুল ইসলাম জানান, মৌখিকভাবে অভিযোগ পাওয়ার পর তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন এবং বাড়িতে গিয়ে ঘরের তালা খোলেন; তবে ভেতরে গিয়ে দেখা যায় ওই নারী পেছনের জানালা ভেঙে পালিয়ে গেছেন। বর্তমানে তাঁকে আটকের চেষ্টা চলছে।
অভিযুক্ত নারীর ফল ব্যবসায়ী স্বামী জানান, সকালে তিনি কাজের উদ্দেশ্যে বাইরে গিয়েছিলেন এবং স্ত্রীর এমন কর্মকাণ্ডের বিষয়ে তাঁর আগে থেকে কিছু জানা ছিল না। বাইরে থাকাকালীন বাড়ি ঘেরাওয়ের ঘটনা ও এর কারণ জানতে পারেন বলে উল্লেখ করে তিনি স্ত্রীর এ কাজের জন্য দুঃখ প্রকাশ করেন।
উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে ভিডিও প্রকাশের ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। ওই নারীর খোঁজ চলছে এবং পাওয়া গেলে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
অনুরূপ সংবাদ
১৫ ঘন্টা আগে
সন্ত্রাস ত্যাগের ঘোষণা ছাড়া রিকনসিলিয়েশনের আলাপ অসম্ভব: মাহফুজ আলম
১ সপ্তাহ আগে
আওয়ামী আমলের বিচারিক নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে বিএনপি-জামায়াত পাশে দাঁড়ায়নি: ড. মাহমুদুর রহমান
২ মাস আগে
আওয়ামী লীগ এভাবে বিদায় নেবে, কোনো জ্যোতিষীও ভাবেনি: ধর্মমন্ত্রী
২ মাস আগে
জীবনকালীন ভোগাধিকার আইন শরিয়াহর আলোকে পুনর্বিবেচনার দাবি মামুনুল হকের
৪
৫
৯
১০
২