অক্টোবরে এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি চান ডাকসু ভিপি সাদিক কায়েম
চলতি অক্টোবরের মধ্যেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
রোববার (৪ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
সাদিক কায়েমের দাবি, গত তিন বছর ধরে দেশের অন্যতম বড় নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধনের কোনো সার্কুলার প্রকাশ করা হয়নি। চলতি বছরের এপ্রিল মাসে এনটিআরসিএ ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তালিকা করলেও ছয় মাস পেরিয়ে যাওয়ার পরও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
প্রশাসনিক জটিলতার কারণে বারবার নিয়োগ বিজ্ঞপ্তি আটকে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, এ বিষয়ে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে এবং সিদ্ধান্তও পরিবর্তন করা হচ্ছে।
সাদিক কায়েম আরও বলেন, সেপ্টেম্বরে প্রকাশিত আইএমএফের ‘ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ সাময়িকীর একটি প্রতিবেদনে বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের বিষয়টি উঠে এসেছে। এমন পরিস্থিতিতে বিপুলসংখ্যক পদ শূন্য থাকার পরও নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি আটকে থাকায় তিনি প্রশ্ন তোলেন।
তিনি অভিযোগ করেন, নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও সিদ্ধান্ত পরিবর্তনের কারণে সময়ক্ষেপণ হচ্ছে। এতে চাকরিপ্রার্থীদের বয়সসীমা পার হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েমের দাবি, আর কোনো বিলম্ব না করে চলতি অক্টোবরেই এনটিআরসিএর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।