জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি, তফসিলে রাখার কথা কমিটির
জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন ওই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা। কেউ কেউ সংবিধানের প্রস্তাবনায় জুলাই গণ–অভ্যুত্থানের স্বীকৃতি অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির সঙ্গে শহীদ পরিবারের প্রতিনিধি ও আহত জুলাই যোদ্ধাদের মতবিনিময় সভায় এসব দাবি উঠে আসে। সভায় মোট ৬৩ জন অংশ নেন।
মতবিনিময়ে অংশ নেওয়া ব্যক্তিদের বড় একটি অংশ জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক সুরক্ষা, জুলাই গণ–অভ্যুত্থানের দায়মুক্তি এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি জানান। পাশাপাশি জুলাই যোদ্ধাদের ভাতা বাড়ানো, আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাঁদের যেন আইনি হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়েও দাবি জানানো হয়।
মতবিনিময় সভাটি রুদ্ধদ্বার অনুষ্ঠিত হয়। পরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মতবিনিময়ে অংশ নেওয়া ব্যক্তিরা জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি চেয়েছেন। কেউ কেউ নির্দিষ্টভাবে সংবিধানের প্রস্তাবনায় বিষয়টি রাখার প্রস্তাব দিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। তবে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রস্তাবনায় না রেখে সংবিধানের তফসিলে বিষয়টি অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে। জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষার বিষয়টিও তফসিলে আনার কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ প্রণয়নের সময় অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও শক্তিগুলোর মধ্যে যেভাবে ঐকমত্য হয়েছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময়ে পাওয়া প্রস্তাবগুলোও কমিটি নথিভুক্ত করবে বলে জানান তিনি।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন–সম্পর্কিত বিশেষ কমিটি বিভিন্ন পক্ষের মতামত নিচ্ছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নোট অব ডিসেন্টসহ যেভাবে সনদে স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়নের বিষয়ে কমিটি প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রূপরেখা এখনো চূড়ান্ত হয়নি বলে জানান বিশেষ কমিটির সভাপতি। এ বিষয়ে সংসদে আলোচনার পাশাপাশি আইনজীবী, বিচারক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মতামত নেওয়া হবে বলে তিনি জানান।
অনুরূপ সংবাদ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
১৫ ঘন্টা আগে
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে
১৫ ঘন্টা আগে
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ
১৫ ঘন্টা আগে