ক্যাম্পাসের সহশিক্ষা সংগঠনগুলো গুপ্ত দলের আখড়া: ছাত্রদল সভাপতি
শিক্ষাপ্রতিষ্ঠানের সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক সংগঠনকে রাজনৈতিক পরিচয় গোপন করে একটি নির্দিষ্ট দলের কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ করেন। তাঁর দাবি, প্রকাশ্য রাজনীতিতে দলীয় পদধারীদের এসব সংগঠনে যুক্ত হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে কেউ কেউ নিজেদের রাজনৈতিক পরিচয় আড়াল করে সংগঠনগুলোর কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন।
রাকিবুল ইসলাম বলেন, বিভিন্ন সহশিক্ষামূলক সংগঠনের কমিটি গঠন, আর্থিক পৃষ্ঠপোষকতা ও লেনদেনের প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে। অতীতে এসব সংগঠনের শীর্ষ পদে থাকা ব্যক্তিরা পরবর্তীতে কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন, তা বিশ্লেষণ করলেই তাঁর বক্তব্যের সত্যতা পাওয়া যাবে বলেও দাবি করেন তিনি।
ছাত্রদল সভাপতি বলেন, সহশিক্ষা কার্যক্রমের সংগঠনগুলোকে গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে সাধারণ শিক্ষার্থী এবং প্রকাশ্য রাজনীতির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটিসহ ক্যাম্পাসের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।
তিনি আরও অভিযোগ করেন, কিছু অরাজনৈতিক সংগঠনের পদধারী ব্যক্তি নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্ডারগ্রাউন্ড ইউনিট হিসেবে কাজ করছেন। এসব সংগঠনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের হাতে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ প্রশাসনের কাছে তুলে ধরার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
রাকিবুল ইসলাম বলেন, নিরপেক্ষতার আড়ালে যারা ক্যাম্পাসভিত্তিক সংগঠনকে কোনো রাজনৈতিক দলের গোপন ইউনিট হিসেবে ব্যবহার করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে তাঁদের কর্মকাণ্ড গোপন থাকবে না। তথ্য-প্রমাণের ভিত্তিতে আইন ও সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গও তাঁর পোস্টে উঠে আসে। রাকিবুল ইসলাম দাবি করেন, ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যে যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা নেয়, তা দেখার অপেক্ষায় আছেন বলে জানান তিনি।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
১৫ ঘন্টা আগে
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে
১৫ ঘন্টা আগে
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ
১৫ ঘন্টা আগে