পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতনের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে
পটুয়াখালীতে এক কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর মারধর ও নির্যাতনের পর এক লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা সাকিব মাদবর ও কর্মী সিয়ামের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ ওঠার পর ছাত্রদল নেতা সাকিবকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ভুক্তভোগী মনির পটুয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। তাঁর অভিযোগ, রোববার (৪ অক্টোবর) রাতে সদর উপজেলার বসাক বাজার এলাকা থেকে সাকিব ও সিয়াম তাঁকে তুলে নিয়ে যান। পরে একটি স্থানে আটকে রেখে মারধর ও নির্যাতন করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত Samsung S25 Ultra মোবাইল ফোনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
মনিরের দাবি, পরে তাঁর এক বন্ধুর মাধ্যমে এক লাখ টাকা দেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। সোমবার (৫ অক্টোবর) দুপুরে আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তামান্না রহমান জানান, তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সাকিব মাদবর। তাঁর দাবি, মনির গভীর রাতে তাঁদের এলাকার একটি মেয়ের বাড়িতে গিয়েছিলেন। পরে উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে খবর পেয়ে তিনি সেখানে যান। মনিরের কাছ থেকে টাকা বা মোবাইল নেওয়ার অভিযোগও অস্বীকার করে তিনি ঘটনাটিকে মিথ্যা বলে দাবি করেন।
ঘটনার বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায় এবং বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে অভিযোগের পর মঙ্গলবার (৬ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে সাকিব মাদবরকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেন।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
১৫ ঘন্টা আগে
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে
১৫ ঘন্টা আগে
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ
১৫ ঘন্টা আগে