রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। হামলায় জড়িত ব্যক্তিরা যে সংগঠনেরই হোক, তাঁদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রতিবেদন অনুযায়ী, রোববার রাত সাড়ে আটটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন। হামলার ঘটনায় ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তদন্তের জন্য দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দৈনিক আগামীর সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের নূর আহসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের মাঈনুল ইসলাম। জামায়াত তাঁদের দ্রুত সুস্থতা কামনা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম উপস্থিত থাকা অবস্থায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের হামলার শিকার হওয়া উদ্বেগজনক। গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে হামলাকারীদের শনাক্ত করার সুযোগ থাকলেও তাঁদের গ্রেপ্তার না করায়ও উদ্বেগ প্রকাশ করেছে দলটি।
জামায়াতে ইসলামী মুক্ত সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা
১৬ ঘন্টা আগে
বায়ুদূষণে শীর্ষে ঢাকা, মারাত্মক দূষণ নগরীর ৯ স্থানে
১৬ ঘন্টা আগে
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ
১৬ ঘন্টা আগে