১১–দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ শুরু ৩১ অক্টোবর
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ আগামী ৩১ অক্টোবর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হবে। সকাল ৭টায় সেখানে উদ্বোধনী সমাবেশ শেষে লংমার্চটি খুলনার উদ্দেশে যাত্রা করবে। কর্মসূচির সমাপনী সমাবেশ হবে কুষ্টিয়ায়।
লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রোববার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাত দফা দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হবে। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।
এ ছাড়া দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে। ১১–দলীয় ঐক্যের শীর্ষ নেতারা, জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্যান্য নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন বলে বৈঠকে জানানো হয়।
লংমার্চ সফল করতে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগসহ প্রয়োজনীয় কার্যক্রম চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে।
অনুরূপ সংবাদ
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত
জামায়াতকে ভোট দেওয়ায় সার বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কি না, প্রশ্ন আজহারের
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই আখতারুজ্জামান গ্রেপ্তার: গোলাম পরওয়ার
১১–দলীয় ঐক্যের খুলনামুখী লংমার্চ শুরু ৩১ অক্টোবর
১৫ ঘন্টা আগে
এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা
১৭ ঘন্টা আগে