৫০ হাজার টাকায় চুক্তি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালাতে গিয়ে গ্রেপ্তার
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণ ঘটানোর জন্য অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে তাঁর ৫০ হাজার টাকায় চুক্তি হয়েছিল।
মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের একটি বাসার সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর গলির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে রেজাউল দাবি করেছেন, ঘটনার ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাত এক ব্যক্তি তাঁকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। এ কাজের বিনিময়ে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছিল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রেজাউল ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে মঙ্গলবার দিবাগত রাতে সেখানে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর পালানোর চেষ্টা করার সময় পুলিশ তাঁকে আটক করে।
ধানমন্ডি থানা-পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে কেউ হতাহত হননি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
অনুরূপ সংবাদ
ঢাবির হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
৮ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে দুই জেলায় অনশন
৮ ঘন্টা আগে
দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
৮ ঘন্টা আগে