বিএনপির এমপি নির্বাচিত এলাকায় সারের সংকট নেই: মীর শাহে আলম
যেসব এলাকায় বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর অভিযোগ, জামায়াতে ইসলামী–সমর্থিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন কয়েকটি এলাকায় পরিকল্পিতভাবে সারের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল।
বুধবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মীর শাহে আলম। এ সময় তিনি সারের সংকট নিয়ে একটি মানচিত্রও সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।
প্রতিমন্ত্রী দাবি করেন, কুড়িগ্রাম, রংপুর, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর, বাগেরহাট ও সাতক্ষীরায় সারের সংকটের কথা বলা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব এলাকায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন—এমন এলাকায় সারের সংকট নিয়ে আন্দোলন হয়নি।
মীর শাহে আলমের অভিযোগ, একটি রাজনৈতিক দল এবং আগের সরকারের সময়ে নিয়োগ পাওয়া কিছু সার ডিলার কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর দাবি, ওই সময়ে দেশের কোথাও প্রকৃত অর্থে সারের ঘাটতি ছিল না, কুড়িগ্রামেও পর্যাপ্ত সার মজুত ছিল।
তিনি জানান, ভবিষ্যতে সারের সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে প্রকৃত ব্যবসায়ীদের মধ্য থেকে একজন করে ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। যেসব এলাকায় পুরোনো ডিলাররা অনুপস্থিত বা পদ শূন্য রয়েছে, সেসব জায়গাতেও নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের চাহিদার তুলনায় প্রায় দেড় গুণ সার আমদানির প্রস্তুতি নেওয়া হয়েছে। বাফার ও সাধারণ গুদামগুলোতে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত প্রয়োজনীয় সার মজুত রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।
এ সময় স্থানীয় নির্বাচন নিয়েও কথা বলেন মীর শাহে আলম। তিনি জানান, আগামী জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার কথা বলেন তিনি।
অনুরূপ সংবাদ
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের মানুষই চায়: হাইকমিশনার
শহীদ আবু সাঈদের বাড়ি ও কবরস্থানের উন্নয়নে ১ কোটি টাকা অনুদান
‘ট্রান্সজেন্ডার বিয়ে’ নিয়ে রিট, তদন্ত ও ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, ৬ জুনের মধ্যে শেষ: প্রতিমন্ত্রী
ঢাবির হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
৮ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে দুই জেলায় অনশন
৮ ঘন্টা আগে
দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
৮ ঘন্টা আগে