‘মাটি কাটার কমিশন খান আপনি’, নৌ পুলিশ পরিদর্শককে এনসিপির এমপি
নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে অবৈধভাবে মাটি ও বালু তোলার অভিযোগ নিয়ে নৌ পুলিশ পরিদর্শককে মুঠোফোনে হুঁশিয়ার করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন।
প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ মাটি কাটার কমিশন নেওয়ার অভিযোগ করতে শোনা যায় সংসদ সদস্যকে। তিনি অভিযোগ সত্য হলে নদীতে মাটি কাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
ভিডিওতে আব্দুল্লাহ আল আমিনকে নৌ পুলিশ পরিদর্শক আমিনুল হককে বলতে শোনা যায়, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে এবং মাটি কাটার কমিশন নেওয়ার অভিযোগও আছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, নদীতে মাটি কাটা বন্ধ না হলে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আমিনুল হক প্রথম আলোকে বলেন, সংসদ সদস্য মঙ্গলবার বিকেলে তাঁকে নদীতে অবৈধভাবে চলা ‘গ্রাফি’ বন্ধের বিষয়ে ফোন করেছিলেন। তাঁর ভাষ্য, নদীতে মাঝেমধ্যে একটি যন্ত্র দিয়ে চুরি করে মাটি কাটার কাজ চলত। ভবিষ্যতে যাতে এ ধরনের কার্যক্রম না চলে, সে বিষয়ে তাঁকে সতর্ক করা হয়েছে।
আমিনুল হক বলেন, তিনি নিজেও নদীতে অভিযান চালাচ্ছেন এবং কোনো ‘গ্রাফি’ যাতে নদীতে নামতে না পারে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী বাজার এলাকায় এনসিপির নেতা তৌহিদুল ইসলামসহ কয়েকজন নেতা-কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে না—এমন অভিযোগ তুলে দলটির নেতা-কর্মীরা ফতুল্লা মডেল থানার সামনে জড়ো হন।
তৌহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক মো. হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৬ জনের নাম উল্লেখ করে আরও ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এনসিপির নেতাদের অভিযোগ, তৌহিদুল ইসলাম বক্তাবলী ও আশপাশের এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও ইটভাটার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। তাঁদের দাবি, এ কারণেই তাঁর ওপর হামলা করা হয়ে থাকতে পারে।
ঢাবির হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
৮ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে দুই জেলায় অনশন
৮ ঘন্টা আগে
দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
৮ ঘন্টা আগে