মেয়েদের বিয়ের বয়স ১৬, ছেলেদের ১৮ করার দাবি পঞ্চগড়ের নিকাহ রেজিস্ট্রারদের
মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর করার দাবি জানিয়েছেন পঞ্চগড় জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির সদস্যরা। এ দাবিসহ আট দফা দাবি নিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের কাছে স্মারকলিপি দেন নিকাহ রেজিস্ট্রাররা।
স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান চাকরির বয়সসীমা ৬৭ বছর থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, যোগ্যতার ভিত্তিতে বাবার অবসরের পর তাঁর ছেলেকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের সুযোগ, নিয়োগের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার প্রথা বন্ধ এবং রেজিস্ট্রেশন ফি বাড়ানোর দাবিও রয়েছে।
এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের হয়রানি বন্ধ এবং বিয়ে ও তালাকের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা বন্ধ করার দাবি জানিয়েছেন তাঁরা।
পঞ্চগড় সদর উপজেলা নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির সভাপতি আরাফাত ইদ্রিস বলেন, মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর এবং ছেলেদের ১৮ বছর করা হলে বাল্যবিবাহ প্রতিরোধ হবে বলে তাঁরা মনে করেন। এতে অনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক বিশৃঙ্খলা কমবে বলেও দাবি করেন তিনি।
জেলা মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির সভাপতি এ আর এম শহীদুল ইসলাম বলেন, বর্তমান আইনে নির্ধারিত বয়সের আগে অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে হলফনামার মাধ্যমে বিয়ে হচ্ছে, কিন্তু সেসব বিয়ে নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে নিবন্ধিত হচ্ছে না। তাঁর দাবি, এতে পরবর্তী সময়ে দাম্পত্য কলহ বা নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীরা আইনি প্রতিকার পেতে সমস্যায় পড়েন।
এ কারণে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ ও সংশ্লিষ্ট বিধিমালা সংশোধন করে ছেলেদের বিয়ের বয়স ১৮ এবং মেয়েদের ১৬ বছর নির্ধারণের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।
তবে বর্তমানে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বাংলাদেশে ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর এবং মেয়েদের ১৮ বছর। আইনের ১৯ ধারায় বিশেষ পরিস্থিতিতে আদালতের নির্দেশ এবং মা-বাবা বা অভিভাবকের সম্মতিতে অপ্রাপ্তবয়স্কের বিয়ের একটি বিশেষ বিধান রয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন বলেন, নিকাহ রেজিস্ট্রাররা স্মারকলিপি দিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। স্মারকলিপিটি পড়ার পর যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
অনুরূপ সংবাদ
হামে মৃত্যু ১১০০ ছাড়াল, দায়ীদের চিহ্নিত করার দাবি জনস্বাস্থ্যবিদদের
চুরির অভিযোগে বাবাকে মারধর, ৯ বছরের মেয়ের কান্নায় থামল নির্যাতন
মেঘনায় জালে ধরা পড়ল ২৪ কেজির বিশাল ব্ল্যাক কার্প, বিক্রি ১৭ হাজার ৫০০ টাকায়
নাটোরে ভূমি কার্যালয়ে আবারও চুরি, সিসিটিভির ডিভিআরসহ কম্পিউটার খোয়া গেছে
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ট্রাম্প
৫ ঘন্টা আগে
১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: সৎবাবার মৃত্যুদণ্ড
৫ ঘন্টা আগে