রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন: আসাদুজ্জামান ফুয়াদ
রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, দেশে এর আগে রাতের আঁধারে কোনো স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেনি।
সোমবার দুপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র এবং ইসিবি চত্বরে ভাঙচুরের শিকার কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশে রাজনৈতিক সংঘাত, চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলের অভিযোগ থাকলেও একটি জনকল্যাণমূলক স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা উদ্বেগজনক। তাঁর ভাষ্য, স্বাস্থ্যকেন্দ্রটি ভেঙে দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার ওপরও প্রভাব পড়েছে।
তিনি বলেন, ১৯৭৪ সাল থেকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র থেকে দরিদ্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসা ও টিকাদান সেবা পেয়ে আসছেন। বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় পরিচালিত প্রতিষ্ঠানটি ভেঙে ফেলার ঘটনা শুধু একটি স্থাপনা ধ্বংসের বিষয় নয়, এর সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার বিষয়টিও জড়িত।
নিরপেক্ষ তদন্তের দাবি
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলের সঙ্গে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মী ও একজন নারী সংসদ সদস্যের সম্পৃক্ততার অভিযোগ গণমাধ্যমে এসেছে বলে উল্লেখ করেন ফুয়াদ। তবে তিনি বলেন, কারও বিরুদ্ধে আগাম রায় দেওয়া উচিত নয়। গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।
হামলা, ভাঙচুর ও লুটপাটে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। একই সঙ্গে ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা খতিয়ে দেখারও আহ্বান জানান।
স্বাস্থ্যকেন্দ্র পুনর্নির্মাণের আহ্বান
আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনর্নির্মাণ করে সেখানে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া ও আলতাফ হোসাইনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: গ্রেপ্তার মিজানুর কারাগারে
মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন ছিল কি না তদন্ত দাবি তুলির
জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক
ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ট্রাম্প
৫ ঘন্টা আগে
১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: সৎবাবার মৃত্যুদণ্ড
৫ ঘন্টা আগে