ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের প্রধান ফটকে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফটকে লাগানো ‘শহীদ ওসমান হাদি হল’ নামের ফলকটি সরিয়ে সেখানে পুনরায় ‘শেখ মুজিবুর রহমান হল’ নামের ফলক স্থাপন করা হবে।
বুধবার দুপুরে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলক সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, হলটির নাম পরিবর্তনের বিষয়ে সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদন না থাকায় আগের নাম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন প্রথম আলোকে বলেন, ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি শিক্ষার্থীরা লিখেছিলেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই নামের কোনো অনুমোদন দেওয়া হয়নি। তাই হল প্রশাসন আগের নামফলক প্রতিস্থাপনের উদ্যোগ নিয়েছে।
যেভাবে নাম পরিবর্তনের উদ্যোগ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে ২০২৫ সালের ১২ ডিসেম্বর গুলি করে দুর্বৃত্তরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তনের দাবি ওঠে।
একপর্যায়ে শিক্ষার্থীরা হলের প্রধান ফটকের পুরোনো নামফলক সরিয়ে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম লিখে দেন। ২০২৫ সালের ২০ ডিসেম্বর রাতে ক্রেন ব্যবহার করে নামফলক পরিবর্তন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর ২০২৬ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ করার সুপারিশ করা হয়। একই সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছিল। তবে এসব সুপারিশ সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদন পায়নি।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের পর শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে কাজী নজরুল ইসলাম হল করার দাবিও জানিয়েছিলেন শিক্ষার্থীদের একটি অংশ।
অনুরূপ সংবাদ
ঢাবির হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
৮ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে দুই জেলায় অনশন
৮ ঘন্টা আগে
দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
৮ ঘন্টা আগে