দখল-হামলা-ভাঙচুরে অপরাধী যে-ই হোক, রাজনৈতিক ছাড় নেই: মাহদী আমিন
সাম্প্রতিক দখল, হামলা ও ভাঙচুরের ঘটনায় অপরাধী যে-ই হোক, তাকে কোনো ধরনের রাজনৈতিক ছাড় দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকারের অবস্থান তুলে ধরে তিনি এ কথা বলেন। মাহদী আমিন জানান, এসব ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং সরকার সুষ্ঠু আইনি ব্যবস্থা নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি ঘটনায় ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চাঁদ উদ্যান দখলের চেষ্টার ঘটনায় ১৩ জন, আদাবরের শ্যামলী হাউজিংয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় ১১ জন, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও মালামাল ক্ষতির ঘটনায় ১৩ জন এবং ইসিবি চত্বরে এক কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাহদী আমিন বলেন, সরকার এসব বিষয়ে নিরপেক্ষভাবে কাজ করছে এবং যেখানে অন্যায় বা অপচেষ্টার ঘটনা ঘটছে, সেখানে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো দুষ্কৃতকারী অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে অপরাধ থেকে পার পাওয়ার সুযোগ থাকবে না—এমন অবস্থানই সরকার নিয়েছে বলে জানান তিনি।
ঢাবির হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
৮ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে দুই জেলায় অনশন
৮ ঘন্টা আগে
দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী
৮ ঘন্টা আগে