রাড্ডা হাসপাতালে হামলা-লুটপাটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর জোন, ঢাকা মহানগরী।
শনিবার আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
বক্তব্যে মাহফুজুর রহমান অভিযোগ করেন, রাতের আঁধারে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে লুটপাটের পর প্রতিষ্ঠানটি ভাঙচুর করা হয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া একটি প্রতিষ্ঠানে এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়।
তিনি প্রশ্ন তোলেন, হামলার সময় প্রশাসন কোথায় ছিল। একই সঙ্গে সরকার ও প্রশাসনকে ‘ম্যানেজ’ করে হামলা করা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবি জানান তিনি।
মাহফুজুর রহমান বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনে সুষ্ঠু তদন্ত এবং ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তারা। একই সঙ্গে দরিদ্র মানুষের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের ওপর হামলা বন্ধের কথাও বলেন তিনি।
বিক্ষোভ মিছিলটি শাহ আলী মাজার গেট থেকে শুরু হয়ে মিরপুর-১ গোলচত্বরে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। এতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জামায়াতের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এ ছাড়া মহানগরী মজলিসে শূরা সদস্য ডা. মঈন উদ্দিন, আব্দুল্লাহ মুয়াজ ও মনিরুল ইসলাম মৃধাসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
অনুরূপ সংবাদ
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ আসন ফাঁকা ছিল: শিশির মনির
বৈশ্বিক নারী জোটসমূহের সঙ্গে ইসলামী ছাত্রীসংস্থার বৈঠক
গফরগাঁওয়ে গণসংযোগে হামলা ও ওসির বক্তব্যের তীব্র প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন