গঙ্গা পানি চুক্তি নিয়ে যৌথ নদী কমিশনেই আলোচনা হবে: ভারত
বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনেই আলোচনা হবে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এ বিষয়ে দুই দেশের কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বাংলাদেশের পক্ষ থেকে গঙ্গার পানিবণ্টন নিয়ে নতুন চুক্তির আগ্রহের প্রসঙ্গ তুলে ধরলে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়।
রণধীর জয়সোয়াল বলেন, গঙ্গা ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত সব নদীর বিষয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন রয়েছে। নদীসংক্রান্ত বিষয়গুলো ওই কমিশনের মাধ্যমেই আলোচনা করা হবে। গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি।
সম্প্রতি বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতীয় পক্ষের সঙ্গে বাংলাদেশ নতুন চুক্তি করতে চায়। প্রাপ্যতার ভিত্তিতে দুই দেশের মধ্যে সমানভাবে পানি বণ্টনের পাশাপাশি নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ রাখার কথাও তিনি উল্লেখ করেন।
৩০ বছর মেয়াদি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে
বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত হয়। ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে বাংলাদেশ গত জুন থেকে একটি কারিগরি কমিটি গঠন করে ভারতকে একাধিকবার জানিয়েছে। তবে দিল্লি থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলে ঢাকার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সোয়াল জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই।
অনুরূপ সংবাদ
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ট্রাম্প
৬ ঘন্টা আগে
১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: সৎবাবার মৃত্যুদণ্ড
৬ ঘন্টা আগে