মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন ছিল কি না তদন্ত দাবি তুলির
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় জামায়াতে ইসলামী বা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।
সানজিদা ইসলাম তুলি বলেন, অন্যায় যে দলের নাম ব্যবহার করেই করা হোক না কেন, কোনো অন্যায়কারীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া উচিত নয়। তাঁর মতে, রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় জামায়াত বা আওয়ামী লীগের কোনো পরোক্ষ ইন্ধন ছিল কি না, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জনসমক্ষে আনা প্রয়োজন।
তিনি বলেন, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে সেবামূলক এই প্রতিষ্ঠানে হামলার ঘটনায় কোনো পক্ষের ভূমিকা থাকলে তদন্তের মাধ্যমে তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি।
এদিকে হামলা ও ভাঙচুরের কারণে রাড্ডা ক্লিনিকের ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলেও মা ও শিশুদের টিকাদান কার্যক্রম চালু রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তুলি।
তিনি বলেন, মিরপুর-১ নম্বরে রুহানী টাওয়ারে তাঁদের একটি কার্যালয় রয়েছে। শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম যাতে বন্ধ না হয়, সে জন্য রাড্ডা ক্লিনিকের সংশ্লিষ্টদের সেখানে সাময়িকভাবে সেবা কার্যক্রম পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে।
এর আগে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে তদন্তের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম কীভাবে স্বাভাবিক রাখা যায়, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।