ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ভোলার দৌলতখানে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দৌলতখান দক্ষিণ বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর থেকে দৌলতখান উপজেলা বিএনপি স্থানীয় ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদপ্রত্যাশীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ ও জমাদানের কার্যক্রম শুরু করে।
সংঘর্ষের বিষয়ে যুবদল নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীরের সমর্থকদের দাবি, মনোনয়ন ফরম সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির স্বপনের সমর্থকদের সঙ্গে তাদের বিরোধের সূত্র ধরে সংঘর্ষ বাধে।
তবে গোলাম কবির স্বপন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর সমর্থকদের সঙ্গে কোনো সংঘর্ষ হয়নি এবং এ বিষয়ে তিনি কিছু জানেন না। অন্যদিকে, আলমগীর হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে সংঘর্ষের পর দৌলতখান বাজারে বিক্ষোভ ও দলীয় কার্যালয়ের সামনে আলমগীরের সমর্থকদের স্লোগান দিতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দলীয় কার্যালয় ও বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাস্টার বলেন, দলীয় সিদ্ধান্ত ও হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে মনোনয়ন ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে দৌলতখান বাজার ও দলীয় কার্যালয় চত্বরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।