যুক্তরাষ্ট্র লক্ষ্য অর্জনে ব্যর্থ, ইরান শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণিত: রুশ দূতাবাস কর্মকর্তা
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পরও ওয়াশিংটন তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা। তাঁর দাবি, প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে ইরান নিজেকে একটি সক্ষম ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে আয়োজিত ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব মিডিয়া: নৈতিক দায়বদ্ধতা ও আত্মপর্যালোচনা’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোফিয়া কুতেপোভা বলেন, ইরানে হামলার আগে সামরিক, রাজনৈতিক ও প্রচারণামূলক প্রস্তুতির যে ব্যাপকতা দেখা গিয়েছিল, তা থেকেই বড় ধরনের সংঘাতের সম্ভাবনার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সংঘাত শুরু হওয়ার পর রাশিয়া এ ঘটনায় গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
রুশ এই কর্মকর্তা আরও বলেন, ইরানকে যুক্তরাষ্ট্র যতটা দুর্বল লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করেছিল, দেশটি তার চেয়ে বেশি শক্তিশালী বলে প্রমাণিত হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরান সহজ কোনো লক্ষ্যবস্তুতে পরিণত হয়নি এবং যুক্তরাষ্ট্রও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি।
সেমিনারে সাংবাদিকতায় নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কুতেপোভা। তিনি বলেন, কূটনীতিক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে রাশিয়ার একটি সংবাদমাধ্যমে কাজ করেছেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি সাংবাদিকতায় সত্য ও তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে নির্ভুল তথ্য যাচাই বা ফ্যাক্ট-চেকিংয়ের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক গ্রেগরি জে সিমনস। আরও বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান শাহ মো. নিসতার জাহান কবীর। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন।
ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে: ট্রাম্প
৫ ঘন্টা আগে
১৩ বছরের কিশোরীকে ধর্ষণ: সৎবাবার মৃত্যুদণ্ড
৫ ঘন্টা আগে