জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক
জনগণই বিএনপির শক্তির উৎস বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
শনিবার রাজধানীর ধোলাইখালসংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে ঢাকা-৬ আসনের সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি ও বংশালের আংশিক এলাকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, অতীতে বিভিন্ন আন্দোলনে পুরান ঢাকার মানুষ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করেছেন। তাঁর দাবি, বিএনপি কোনো বাহিনীনির্ভর দল নয়; জনগণই দলটির প্রধান শক্তি।
তিনি বলেন, নির্বাচনে জনগণ বিএনপির ওপর আস্থা রেখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। পাশাপাশি দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো উদ্যোগ জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করার কথা বলেন তিনি।
দেশের ভৌগোলিক অবস্থান প্রসঙ্গে ইশরাক হোসেন অভিযোগ করেন, প্রতিবেশী দেশের কিছু ব্যক্তি বাংলাদেশকে ‘দাস রাষ্ট্র’ ও ‘প্রজারাষ্ট্রে’ পরিণত করতে চান। তাঁর ভাষ্য, দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে স্বাধীন বাংলাদেশকে আরও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে তিনি অতীতের রাজনৈতিক সহিংসতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গেও বক্তব্য দেন। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন এবং তাঁর কিছু অনুসারীর বিরুদ্ধে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করার অভিযোগ তোলেন।
ইশরাক হোসেন আরও বলেন, প্রশাসনসহ বিভিন্ন স্তরে আগের সরকারের সহযোগীরা এখনো সক্রিয় রয়েছে বলে তাঁরা মনে করেন। তবে এসব বিষয়ে তাঁরা ভয় পান না এবং জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, মহিলা দল ও ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।