‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’—নেতানিয়াহুকে এরদোয়ান
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চে নয়, বরং আদালতে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইস্তাম্বুলে ২৯তম আন্তর্জাতিক বিজনেস ফোরামের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন বলে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে জানিয়েছে আমার দেশ।
এরদোয়ান বলেন, যারা রক্তপাত ও গণহত্যার সঙ্গে জড়িত, তাদের আদালতে বিচারের মুখোমুখি করা উচিত। একই ধরনের নৃশংসতা যাতে আবারও না ঘটে, সে জন্য অপরাধীদের বিচার এবং ইতিহাসের কাছে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিনিদের প্রসঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণ একা নয়। গাজায় ন্যায়বিচারের জন্য যারা লড়াই করছেন, তুরস্ক তাদের পরিত্যাগ করেনি বলেও উল্লেখ করেন তিনি।
আঞ্চলিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান। তাঁর ভাষ্য, তুরস্ককে ঘিরে পুরো অঞ্চল বর্তমানে একটি ‘পূর্ণাঙ্গ সংকটের ঝড়ের’ মধ্য দিয়ে যাচ্ছে।
নেতানিয়াহু জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইলের অবস্থান তুলে ধরে বক্তব্য দেওয়ার পর এরদোয়ানের এই মন্তব্য এলো।