জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ: এবি পার্টি
জনস্বার্থ বিবেচনা না করে সাত মাসে তিনবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে—এমন অভিযোগ করে এ সিদ্ধান্তকে সরকারের ‘দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি: জনস্বার্থ ও অর্থনীতির ওপর প্রভাব’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
‘একসঙ্গে জনগণের ওপর চাপ দেওয়া ঠিক নয়’
মজিবুর রহমান মঞ্জু বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত, পরিবহন ও আমদানি ব্যয় বৃদ্ধির মতো বাস্তবতা রয়েছে। তবে এসব চাপ একসঙ্গে জনগণের ওপর না দিয়ে ধাপে ধাপে ও ভারসাম্যপূর্ণভাবে জ্বালানির দাম সমন্বয় করা যেত বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। এর মধ্যে ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে।
কৃষি ও পরিবহন ব্যয় বাড়ার আশঙ্কা
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ডিজেলের দাম বাড়ায় সেচপাম্প, পাওয়ার টিলার ও হারভেস্টারসহ কৃষিযন্ত্রের পরিচালন ব্যয় বাড়বে। এর প্রভাব কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয়ের ওপর পড়তে পারে।
সামনে বোরো মৌসুম হওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পরিবহন খরচের মাধ্যমে পাইকারি ও খুচরা বাজারেও পড়তে পারে।
১১ দফা দাবি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে এবি পার্টি সরকারের কাছে ১১টি দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে কৃষি, সেচ ও পরিবহন খাতে ব্যবহৃত ডিজেলের জন্য পৃথক মূল্যনীতি, ধাপে ধাপে মূল্য সমন্বয় এবং আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের ভিত্তিতে স্বচ্ছ মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করা।
এ ছাড়া সংকটকালে আমদানি শুল্ক ও কর সমন্বয়, কৃষক ও কৃষিযন্ত্রের জন্য লক্ষ্যভিত্তিক ডিজেল সহায়তা, অযৌক্তিক পরিবহন ভাড়া বৃদ্ধি ঠেকাতে কার্যকর ব্যবস্থা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি ও বিতরণ ব্যবস্থার স্বাধীন অডিটের দাবি জানিয়েছে দলটি।
দলটির আরও দাবির মধ্যে রয়েছে জ্বালানি পাচার বন্ধে ডিজিটাল ট্র্যাকিং, কৌশলগত জ্বালানি তহবিল গঠন, নিম্ন আয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা এবং দীর্ঘ মেয়াদে দেশীয় জ্বালানি অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো।
অনুরূপ সংবাদ
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান