অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল
রাজধানীর বনানী থানায় অস্ত্র আইনে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার চতুর্থ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মঈন উদ্দিন চৌধুরী ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ নতুন তারিখ নির্ধারণ করেন। আসামিপক্ষের আইনজীবী আসিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২৪ সেপ্টেম্বর শুনানির দিন ছিল
এর আগে গত ২৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের সময় চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে তা পিছিয়ে ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছিল।
বৃহস্পতিবার সকালে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আনিসুল হককে আদালতের হাজতখানায় আনা হলেও তাঁকে আদালতে তোলা হয়নি। পরে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৬ অক্টোবর নির্ধারণ করা হয়।
যে অভিযোগে মামলা
মামলার অভিযোগ অনুযায়ী, আনিসুল হকের নামে লাইসেন্স করা একটি পিস্তল ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে। একই সঙ্গে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে, আনিসুল হক ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৫ মে পর্যন্ত তাঁর লাইসেন্স করা অস্ত্র থানায় জমা দেননি এবং এ বিষয়ে থানাকেও অবহিত করেননি। এ ঘটনায় বনানী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ আগস্ট তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
কারাগারে আছেন আনিসুল হক
২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে আছেন।
অনুরূপ সংবাদ
ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলল পুলিশ
ট্রাকচালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ আসামির অভিযোগ গঠন শুনানি ৮ অক্টোবর
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি