হরমুজ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া নয়, আনুষ্ঠানিক অবস্থান চায় ইরান
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সাত দিনের রোডম্যাপ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়া তারা দেখেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব এখনো পায়নি তেহরান।
শনিবার ট্রাম্প ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানান। তিনি দাবি করেন, ইরান চুক্তি করতে চাইছে, কারণ দেশটি অর্থনৈতিকভাবে চাপে রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের আনুষ্ঠানিক অবস্থান জানতে চায় তেহরান।
আরাগচি বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার যেকোনো পদক্ষেপ ইরানের নির্ধারিত শর্ত পূরণের ওপর নির্ভর করবে। তাঁর ভাষ্য, এ বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আলোচনার মাধ্যমেই চলমান অচলাবস্থা থেকে বের হওয়ার সুযোগ রয়েছে। তাঁর মতে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করা সম্ভব।
তেহরানের প্রস্তাব অনুযায়ী, সাত দিনের একটি রোডম্যাপের মাধ্যমে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। তবে এ প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক অবস্থান এখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে পৌঁছায়নি বলে জানিয়েছেন আরাগচি।
হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা ও প্রণালীটির চলাচল নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।