বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব—পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের এমন মন্তব্য নতুন আলোচনা সৃষ্টি করেছে রাজনৈতিক অঙ্গনে। সাধারণত পাসপোর্ট না থাকলে দেশের নাগরিকদের দেশে ফিরতে ট্রাভেল পাসের প্রয়োজন হয়। ফলে প্রশ্ন ওঠে, তারেক রহমানের ক্ষেত্রে পাসপোর্টের পরিবর্তে ট্রাভেল পাসের প্রসঙ্গ কেন সামনে এলো?
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, পররাষ্ট্র উপদেষ্টা সদিচ্ছা প্রকাশ করতেই হয়তো এ কথা বলেছেন। তার মতে, ট্রাভেল পাস বা পাসপোর্ট—কোনোটিই তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে বাধা হওয়ার কথা নয়, কারণ এক্ষেত্রে সরকারের সদিচ্ছাও রয়েছে।
তারেক রহমান বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন কি না বা পাসপোর্ট পেতে কোনো জটিলতা আছে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি এ বিষয়ে নিশ্চিত নন।
এদিকে নির্বাচন কমিশন সোমবার (১ ডিসেম্বর) জানিয়েছে, তারেক রহমান এখনো ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেননি। তবে নির্বাচন কমিশনের অনুমতি পেলে তার ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, গত শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে তারেক রহমান জানান, তার দেশে ফেরার বিষয়টি এককভাবে তার নিয়ন্ত্রণে নেই। এরপর থেকেই তার দেশে ফেরা নিয়ে নানা আলোচনা শুরু হয়। দেশের মানুষের মধ্যেও প্রশ্ন দেখা দেয়—তারেক রহমান কেন দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারছেন না এবং এই সিদ্ধান্তে কার ভূমিকা রয়েছে?
এই আলোচনার মাঝেই পররাষ্ট্র উপদেষ্টা ট্রাভেল পাসের বিষয়টি সামনে আনেন, যা নতুন করে কৌতুহল তৈরি করেছে।
অনুরূপ সংবাদ
মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন ছিল কি না তদন্ত দাবি তুলির
জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক
ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০